আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে অপরাধ করে পার পাওয়া যায় না। নারায়ণগঞ্জ সাত খুন মামলার রায় তারই প্রমাণ।
সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলায় আওয়ামী লীগের প্রচারসেল আয়োজিত চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের বর্বরোচিত তাণ্ডব ও অগ্নিসন্ত্রাসের’ খণ্ড চিত্র প্রর্দশনীর আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেল।
এ রায় উচ্চ আদালতেও বহাল থাকবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ন্যায় বিচার যে হয় সেটাই আজকে ৭ খুনের মামলার রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে। আপরাধ করে কেউ পার পাবে না। সে যতই শক্তিশালী হোক। অপরাধ করে দায়মুক্তি, বিচারহীনতা সম্ভব নয়।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে বলেন, সব সমস্যার সমাধান হবে সংবিধান অনুযায়ী। সংবিধানে যদি সংলাপের কোনো সুযোগ থাকে, তাহলে গণতন্ত্রের জন্য সংলাপ হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
ইত্তেফাক/এএম।
