নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র্যাব কর্মকর্তাসহ ২৬ জনের ফাঁসি ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সাত খুনের মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে ডা. সুস্মিতা সরকার বলেন, অপরাধীরা শাস্তি পেয়েছে এতে অন্তত আমার বাবার আত্মা শান্তি পাবে। আমার বাবা কখনও কারও সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। তবে তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন। আমাদেরও তাই শিখিয়ে গেছেন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে প্রান দিতে হয়েছে।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি দ্রুত রায় কার্যকর হবে এমনটাই প্রত্যাশা করেন।
সুস্মিতা সরকার আরো বলেন, আমার বাবা সারাজীবন ন্যায় বিচারের জন্য কাজ করেছেন। আজকে তার আত্মা শান্তি পাবে। আমরা খুশি হয়েছি তবে শান্তি পাবো রায় কার্যকর হলে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন প্রায় একই স্থান থেকে আরেকজনের লাশ পাওয়া যায়।
ইত্তেফাক/ইউবি
