কক্সবাজারে শহরের খুরুস্কুল রাস্তার মাথা নামক স্থানে অভিযান চালিয়ে ৭৮টি পাইপ বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা নামক স্থানে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. করিম উল্লাহ (৪০) ও মোহাম্মদ রমিজ (৪২)।
বিকাল সাড়ে ৪টায় র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশেকুর রহমান বলেন, মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুর ১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭,কক্সবাজার ইউনিটের সদস্যরা শহরের খুরুস্কুল রাস্তার মাথা নামক স্থানে একটি ব্যাটারি চালিত টমটম গাড়িতে অভিযান চালিয়ে থেকে দু’বস্তা বোমা তৈরির সরঞ্জামসহ মো. করিম উল্লাহ (৪০) ও মোহাম্মদ রমিজ (৪২)কে আটক করে। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে আটককৃত দুজন কোনও নিষিদ্ধ রোহিঙ্গা সংগঠনের সদস্য। তাদের এবং তাদের পরিবারের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বোমা তৈরির সরঞ্জামগুলো কোথা এসেছে তা জানার অনুসন্ধান চলছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
ইত্তেফাক/এমএইচ
