যশোরের বাঘারপাড়ার খলসি গ্রামের ভাড়ার মোটরসাইকেল চালক জাকারিয়া সরদার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— বাঘারপাড়ার খলসি গ্রামের সাহাদত্ হোসেনের ছেলে টিটো, খাজুরা বাজার মথুরাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে হিটলার ও সদর উপজেলার ভগবতিতলা গ্রামের পীরবক্স মওলার ছেলে জাহিদ হাসান মওলা।
মঙ্গলবার বিশেষ জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের স্পেশাল পিপি এসএম বদরুজ্জামান পলাশ।
মামলার অভিযোগে জানা গেছে, খলসি গ্রামের জাকারিয়া সরদার ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবীকার নির্বাহ করতেন। ২০০৬ সালের ২১ অক্টোবর সকালে প্রতিদিনের মতো জাকারিয়া মোটরসাইকেল নিয়ে ভাড়ায় চালাতে বাড়ি থেকে বের হয়ে যান। আসামিরা জাকারিয়াকে ভাড়ার কথা বলে হিটলারদের বাড়ি নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ থাকার পার তারা বেরিয়ে যায়। পরে আসামিরা রাতে জহুরপুর ইউনিয়নের হাবুরেডাঙ্গার মাঝিয়ালি গ্রামের রাস্তায় নিয়ে জাকারিয়ার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ২২ অক্টোবর নিহতের পিতা নুরুল সরদার বাদী হয়ে তিনজনকে আসামি করে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন।
ইত্তেফাক/এএম।
