স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে কোন অপরাধের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, 'দেশে কোন অপরাধী থাকবে না।'
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি অপরাধ মুক্ত সমাজ গঠনে এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'
মন্ত্রী মঙ্গলবার তার কার্যালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের (ক্র্যাব) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, 'সরকার বাংলাদেশকে সকলের জন্য একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
তিনি জঙ্গি জিয়া এবং তার সহযোগীদের সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, 'আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই জঙ্গি জিয়ার চ্যানেল সনাক্ত করেছে, জিয়া যে কোন সময়ে আমাদের নেটওয়ার্কে চলে আসবে।'
ক্র্যাব সভাপতি আবু সালেহ খান, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, সহ-সভাপতি সাব্বির মাহমুদ, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান বিকু এবং অন্যান্য কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকার দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়নের জন্য একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন।' -বাসস।
ইত্তেফাক/এসএস
