অপরাধী যত বড় হোক দায়মুক্তি পাবে না: প্রধান বিচারপতি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২১:২৩
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, 'অপরাধী যত বড় হোক না কেন সে দায়মুক্তি পাবে না।'
 
দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৭ জানুয়ারি) প্রধান বিচারপতি এক বাণীতে একথা বলেন। ২০১৫ সালের ১৭ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি।
 
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়ে সব আসামির শাস্তি বিচার বিভাগের উপর মানুষের আস্থা আরও বাড়িয়েছে বলে মনে করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, 'স্বল্পতম সময়ের মধ্যে উক্ত মামলার বিচার নিষ্পত্তি করায় দেশের আপামর জনগণের আস্থা বিচার বিভাগের প্রতি আরও বেড়েছে।'
 
'অপরাধী যত বড় হোক না কেন, সে দায়মুক্তি পাবে না' বলে উল্লেখ করে তিনি বলেন, 'চাঞ্চল্যকর সাতখুনের মামলা প্রভাবশালী আসামি র‌্যাবের কতিপয় কর্মকর্তা লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটিয়েছে, যা সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।'
 
প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা, মামলা জট, আইনের সংস্কার, বিচার বিভাগের অবকাঠামোগত ও জনবল সঙ্কট, বিচার বিভাগের সঙ্গে গণমাধ্যমের সম্পর্কসহ নানা বিষয়ে নিজের মত তুলে ধরেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগের ভূমিকা অপরিহার্য মন্তব্য করে তিনি বলেন, 'বিচার বিভাগ এর (সংবিধানের মুল চেতনা) সীমার বাইরে গিয়ে অন্য বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।' তেমনিভাবে রাষ্ট্রের অন্যান্য বিভাগ বিচার বিভাগের দায়িত্ব পালনে কোনোরূপ হস্তক্ষেপ করবে না বলে প্রত্যাশা করেন তিনি।-বাসস।
 
ইত্তেফাক/এসএস