চবি শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামী-বামপন্থি শিক্ষকদের সংগঠন (হলুদ দল)। গত বৃহসপতিবার বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। বিকাল সাড়ে ৫টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এম আবদুল গফুর এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ৪২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী অধ্যাপক মো. জাকির হোসেন এবং ৩৩৪ ভোট পেয়ে সাধারণ সমপাদক নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী।
নির্বাচন কমিশনার ড. এম আবদুল গফুর জানান, নির্বাচনে ৮৭৪ জন ভোটারের মধ্যে ৬৪৯ শিক্ষক তাদের ভোট প্রদান করেছেন। তার মধ্যে গত ২৫ মার্চ ৮০ জন শিক্ষক অগ্রিম ভোট প্রদান করেছেন। সভাপতি পদে ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী অধ্যাপক মো. জাকির হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী পেয়েছেন ১৬২ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্লাহ, কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী, সাধারণ সমপাদক পদে অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, যুগ্ম-সমপাদক পদে ড. মোহাম্মদ সাইদুল ইসলাম। সদস্য পদে অধ্যাপক ড. রনজিত কুমার চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইন, অধ্যাপক বকুল চন্দ্র চাকমা, ড. ইকবাল আহমেদ, সুলতানা সুকন্যা বাশার এবং মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
