মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল সদর আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান রানাকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মোহম্মদ খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
এর আগে গত সোমবার আমানুর রহমান খান রানার জামিন আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিল হাইকোর্ট।
গত ১১ ডিসেম্বর হাইকোর্টে আরেকটি বেঞ্চ এমপি রানার জামিন আবেদন কার্য তালিকা থেকে বাদ দেয়। পরে জামিন আবেদনটি শুনানির জন্য নতুন এই বেঞ্চে উপস্থাপন করা হয়।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আমানুর ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। পরে আবারও জামিন আবেদন করলে ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তার জামিন নাকচ করে আদেশ দেয়। বিচারিক আদালতে নাকচের পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়।
ইত্তেফাক/এএসএস
