চট্টগ্রামে তথ্যমন্ত্রী
চট্টগ্রাম অফিস
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন— হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। পঁচাত্তরের পর রাষ্ট্রকে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে। বিএনপি-জামায়াত এ কাজটি করেছে। শত্রু সম্পত্তি আইন করেছিল রাষ্ট্র। আমরা হয়রানি বন্ধ করেছি। আমরা বাঙালি এটি আমাদের প্রথম পরিচয়। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রামের প্রবর্ত্তক সংঘের নতুন হোস্টেল ‘মৈত্রেয়ী’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নবনির্মিত ৬ তলা বিশিষ্ট এই ভবনে ৫০০ ছাত্রী আবাসিক সুবিধা পাবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সংঘের সভাপতি অ্যাড. সুভাষ চন্দ্র লালার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সম্পাদক তিনকড়ি চক্রবর্তী। বক্তব্য দেন সংঘের সহ-সভাপতি প্রফেসর রণজিত্ কুমার ধর, ওয়ার্ড কাউন্সিলর মোরশেদুল আলম।
