সবাইকে ছাড়িয়ে কেটি পেরি

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২০:৩২

g বিনোদন ডেস্ক

নয় নম্বর থেকে শীর্ষস্থান দখল। যেন ছক্কা হাঁকালেন মার্কিন তারকা কেটি পেরি। ফোর্বসের হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নারী সঙ্গীতশিল্পীর তালিকায় এক নম্বরে রয়েছেন এই সঙ্গীতশিল্পী। গতবছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত আয় করেছেন ৮৩ মিলিয়ন ডলার। তারপরের অবস্থান টেইলর সুইফটের। গতবছরের তৃতীয় অবস্থান থেকে এবার ২৮ বছর বয়সী এ সঙ্গীতশিল্পী দ্বিতীয় অবস্থান অর্জন করেছেন। কেটি পেরির মতো একই সময়ে টেইলর আয় করেছেন ৮০ মিলিয়ন ডলার।

ফোর্বসের দৃষ্টিতে গানের জগতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নারী সঙ্গীতশিল্পীর নতুন এ তালিকায় বেশিরভাগই তারা জায়গা পেয়েছেন, যারা গতবছর শীর্ষ অবস্থানে ছিলেন। এদের মধ্যে রয়েছেন সেলিন ডিওন, ব্রিটনি স্পিয়ার্স ও জেনিফার লোপেজের মতো তারকারা। একমাত্র নতুন হিসেবে এ দলে নাম লিখিয়েছেন রাশিয়ান-জার্মান তারকা হেলেন ফিসার। এ তালিকায় তার অবস্থান অষ্টম। ফোর্বসের এ তালিকায় সেরা দশে থাকা বাকিদের আয়—বিয়ন্সে (৬০ মিলিয়ন), পিংক (৫২ মিলিয়ন), লেডি গাগা (৫০ মিলিয়ন), জেনিফার লোপেজ (৪৭ মিলিয়ন), রিয়ান্না (৩৭ দশমিক ৫ মিলিয়ন), হেলেন ফিসার (৩২ মিলিয়ন), সেলিন ডিওন (৩১ মিলিয়ন) ও ব্রিটনি স্পিয়ার্স (৩০ মিলিয়ন ডলার)।