ধারালো অস্ত্রের আঘাতে নিহত স্ত্রীর লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী।
বুধবার সন্ধ্যার পর পর এ ঘটনা ঘটে। নিহত লাবনী আক্তার (৩০) শহরের পশ্চিম আলীপুর এলাকার আকবর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেনের স্ত্রী।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিরাজুল ইসলাম জানান, মৃত অবস্থাতেই সন্ধ্যার পর লাবনী আক্তার নামে এক নারীকে হাসপাতালে আনা হয়। আমরা মৃত ঘোষণা করার পরই পালিয়ে যায় সঙ্গে থাকা স্বামী পরিচয়দানকারী এক যুবক ও এক মহিলা।
তিনি আরো জানান, লাবনীর পেটে ছুরি কিংবা এ জাতীয় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
লাবনীর মামী আফরোজা বেগম জানান, বিয়ের পর থেকেই লাবনীকে নির্যাতন করতো সাজ্জাদ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন আহমেদ জানান, খবর পেয়েই পুলিশের একাধিক টিম সাজ্জাদকে আটকের চেষ্টা চালাচ্ছে।
ইত্তেফাক/ইউবি
