আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন এবং গ্রাম পর্যায়েও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হয়েছে। গ্রামের মানুষ এখন চিকিত্সা পাচ্ছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেলি মেডিসিনের মাধ্যমেও গ্রামের মানুষ চিকিত্সা সেবা পাচ্ছেন।
তিনি গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন। মন্ত্রী কাজীপুর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি সরাসরি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টেলি মিডিসিন বিভাগের কর্মরত চিকিত্সকের সাথেও কথা বলেন এবং প্রতিদিন কত সংখ্যক রোগীকে চিকিত্সা ও পরামর্শ দেয়া হয় তারও খোঁজ নেন। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন জেলা প্রশাসক বেগম কামরুন্নাহার সিদ্দিকা, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোঃ শাহীন হাসান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল,উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এবং পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ। পরে তিনি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএন
