মতলবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ০৯:১৩
 
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী হৃদয় (১৫) ও হামিদ ফকির (৮০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুই মোটরসাইকেল আরোহী। বুধবার দিবাগত রাতে ঢাকিরগাঁওয়ে কাজলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত হামিদ ফকির ঢাকিরগাঁও এলাকার বাসিন্দা এবং রাতুল একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। 
 
আহতরা হলেন- শান্ত (১৬) ও রাতুল (১৭)। শান্ত ঢাকিরগাঁও গ্রামের আনোয়ার হোসেন মিস্ত্রির ছেলে এবং রাতুল আবুল হোসেনের ছেলে।
 
মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হৃদয়, শান্ত ও রাতুল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে চাঁদপুর শহরের বাবুরহাটে যাচ্ছিলেন।
 
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পথচারী হামিদ ফকিরের। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাত ১১টায় হৃদয়ের মৃত্যু হয়। আহত অপর দুইজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এসআই রফিকুল।
 
 
ইত্তেফাক/কেকে