ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য আট সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)। আইইবির সাবেক সভাপতি প্রকৌশলী মো. নুরুল হুদাকে আহ্বায়ক এবং আইইবির সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী কাজী খায়রুল বাশারকে সদস্য সচিব করে শুক্রবার এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী হামিদুল হক, প্রফেসর ড. প্রকৌশলী মুনাজ আহমেদ নুর, আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. হাবিবুর রহমান, আইইবির যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মো. আব্দুর রশিদ সরকার, আইইবির তড়িেকৗশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী ইয়াছির আরাফাত এবং কেমিক্যালকৌশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী ইয়াছির আরাফাত খাঁন।
এ কমিটিকে বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পুড়ে যাওয়া ভবন এবং তত্সংলগ্ন আশপাশ ভবন সরেজমিন পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রকৌশল ও কারিগরি বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে অগ্নিকাণ্ডের যথাযথ কারণ অনুসন্ধান ও সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদের কাছে জমা দিতে বলা হয়েছে।
