বিশেষ প্রতিনিধি
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তিকৃত রোগীদের কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই । তবে একজন রোগী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে।
ডা. সামন্তলাল সেন বলেন, আমাদের এখানে মোট সাতজনকে চিকিত্সার জন্য আনা হয়েছিল। আবুল হোসেন ও রেজাউর রহমান নামে দুইজনকে আজ সকালে (গতকাল) ছেড়ে দেওয়া হয়েছে। রেজওয়ান আহমেদ নামে আরেকজনের অবস্থা শঙ্কটাপন্ন, তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরের ১০ থেকে ১২ শতাংশ পোড়া। দুই পায়ের উরু ও দুই হাতের হাড় ভাঙা এবং পিঠের কিছুটা অংশে মাংস নেই। রাতে সেটা অপারেশন করা হয়েছে। এখন বিশেষভাবে চিকিত্সাধীন আছে। এছাড়া বাকি যারা আছেন তাদের সবাই ঝুঁকিমুক্ত। এ মুহূর্তে বার্ন ইউনিটে সর্বমোট আছেন চারজন। তারা হলেন— অনুপম দেবনাথ, আব্দুস সবুর খান, সাব্বির আলী মৃধা ও তৌকির হোসেন। এর মধ্যে অনুপম দেবনাথকে কুর্মিটোলা হাসপাতাল থেকে আনা হয়। এ চারজনকে আমরা বার্ন ইউনিটের দোতলায় আলাদা কক্ষে নিয়ে স্পেশাল চিকিত্সা দেওয়া হচ্ছে। এছাড়া জরুরি বিভাগে ভর্তি আছেন ফায়ার কর্মকর্তা উদ্দীপন ভক্ত, হাবিবুল্লাহ খান ও নিলীমা।
বার্ন ইউনিটের সমন্বয়ক আরো বলেন, আব্দুল্লাহ আল ফারুক তমাল নামে একজনকে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরের ৯৫ শতাংশ পোড়া ছিল। ডা. সামন্তলাল সেন বলেন, আজ সকালে (গতকাল) সরকারের নির্দেশে কুর্মিটোলা হাসপাতালে রোগীদের দেখতে যাই। সেখানে এগারোজন রোগী ভর্তি আছে। তাদের অবস্থা ভালো। তারা কেউ বার্ন পেশেন্ট না। তিনি বলেন, এ ধরনের আগুনের ঘটনা দুঃখজনক। এগুলো প্রতিরোধ কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।
