ইত্তেফাক রিপোর্ট
বনানীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশের আর্থিক খাতে, বিশেষ করে গার্মেন্টস খাতের ভবনগুলোর অগ্নি নিরাপত্তা নিশ্চিতে সরকারকে নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল শুক্রবার ঢাকায় ইউরোপের বিভিন্ন দেশের মিশনগুলোর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইইউ কর্মস্থলে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং বাংলাদেশে তৈরি পোশাক খাতের কর্ম পরিবেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৩ সাল থেকে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে ইইউ।
এদিকে বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। গতকাল ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
