বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার শুরু

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৭:৩৩
টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে চলতি বছরের বিশ্ব ইজতেমা শেষ হবে।
 
প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও বিশ্বের প্রায় শতাধিক দেশের লাখো-লাখো ধর্মপ্রাণ মুসল্লি আখেরি মোনাজাতে শরীক হবেন। শুক্রবার দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম দিন হওয়ায় ইজতেমা ময়দানে পবিত্র জুমা'র নামাজ অনুষ্ঠিত হবে। পবিত্র জুমা'র নামাজে দেশী-বিদেশী মুসল্লিসহ ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করবেন।
 
আগামী রবিবার বেলা ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে যে কোন সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০১৭ সালের ৫২তম বিশ্ব ইজতেমা শেষ হবে। বিশ্ব ইজতেমার মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন এবিষয়ে জানান, আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের আ'ম বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে।
 
বুধবার ও আজ বৃহস্পতিবার থেকে দ্বিতীয় পর্বে অংশ নেয়া ১৬টি জেলার মুসল্লিরা টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে এসে অবস্থান নিচ্ছেন। তার মধ্যে অনেক মুসল্লি ময়দানের ভেতরে নিজ-নিজ খিত্তায় গিয়ে অবস্থান গ্রহণ করেছেন। টঙ্গী ইজতেমা মাঠে সুবিশাল চটের তৈরি প্যান্ডেলের নিচে দেশী-বিদেশী ধর্মপ্রাণ মুসলিল্লদের আগমন বেড়েই চলেছে।
 
এদিকে, প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
 
প্রথম ও দ্বিতীয় পর্বে ৬৪টি জেলার মধ্যে এবছর বিশ্ব ইজতেমায় মোট ৩৩টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেন। বাকি জেলার মুসল্লিরা আগামী বছর ৫৩তম বিশ্ব ইজতেমায় শরীক হবে বলে জানিয়েছেন টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজন কমিটি।
 
দ্বিতীয় পর্বে রাজধানী ঢাকা সহ যে সব জেলার মুসল্লিরা অংশ নিবেন, তারা হলেন- চাঁদপুর, নোয়াখালী, পাবনা, নওগাঁ, কিশোরগঞ্জ, কক্সবাজার, বাগেরহাট, কুষ্টিয়া, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, মেহেরপুর, লালমনিরহাট ও দিনাজপুর।
 
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুদকার জানান, প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও পাঁচস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। র‌্যাব, পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ইজতেমা মাঠে ও আশেপাশে দায়িত্ব পালন করবেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস