পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত সীমান্তে একটি অবিস্ফোরিত তাজা সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সারিয়ালজোত কানকাটা সীমান্তের ৪৩৬ মেইন পিলারের ২৬ সাব পিলার সংলগ্ন বাংলাদেশি ভূখণ্ড থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
পঞ্চগড় ১৮ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ জানান, ওই সীমান্তে হাবিলদার সাহিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল দিচ্ছিল। এ সময় ৫-৬ যুবক বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিনের ব্যাগে গ্রেনেডটি রেখে ভারতীয় ভুখণ্ডে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দলটি সেটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। গ্রেনেডের গায়ে ইংরেজিতে লেখা আছে লট নং ৫১। এই ধরনের সাউন্ড গ্রেনেড ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ব্যবহার করে।
ইত্তেফাক/ইউবি
