মাইক্রোবাস চালককে হত্যার দায়ে নিম্ন আদালতের দেয়া দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। রায়ে রংপুর জেলা সদরের হাসানপুর গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে আলামিন (২৭) ও বগুড়া জেলার শিবগঞ্জ থানার রোহা চরপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে খোকন আকন্দের (২৭) মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। মাইক্রোবাস চালক লিটনকে হত্যার দায়ে তাদেরকে এ দণ্ড দেয়া হয়।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৫ সালের ২৫ এপ্রিল বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন আসামি আলামিন ও খোকন। লিটন ছিল ওই মাইক্রোবাসের চালক। বগুড়া থেকে রওনা হওয়ার পর পথিমধ্যে রংপুর জেলার পলাশবাড়িতে গিয়ে লিটনকে মাদক মিশ্রিত দ্রব্য খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। এরপর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার ভারাঙ্গা এলাকায় তার লাশ ফেলে রেখে যায় তারা। পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় ২০১১ সালের ৯ জুন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আব্দুল সালেক রায়ে আসামি আলামিন ও খোকনকে মৃত্যুদণ্ড দেয়।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। পাশাপাশি রায় অনুমোদনের জন্য নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। শুনানি শেষে হাইকোর্ট আপিল খারিজ করে দিয়ে বিচারিক আদালতের রায় বহাল রাখে। আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. সুলতান মাহমুদ।
ইত্তেফাক/এমআই
