ফতুল্লায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মারধরের শিকার তিতাস টিম

আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১০:০৮
 
ফতুল্লায় একটি টেক্সটাইল মিলে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন ও ট্রান্সমিশন কোম্পানির জিএমসহ ১০ জন আহত হয়েছেন। পরে শিল্প পুলিশ, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
 
বৃহস্পতিবার বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লার পাগলা নন্দলালপুরে প্রাইম টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের জিএম প্রকৌশলী মো. শফিকুর রহমান জানান, প্রাইম টেক্সটাইল মিলে অনেক বকেয়া রয়েছে। বিকেলে এ ব্যাপারে কারখানায় অভিযান চালিয়ে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তখন কারখানার লোকজন তিতাসের লোকজনদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। এতে আমি সহ ১০জন আহত হই। পরে রাতে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।
 
অভিযোগ অস্বীকার করে কারখানাটির সহকারী ব্যবস্থাপক (এডমিন) ফরহাদ জানান, হঠাত্ কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় কারখানাটিতে কর্মরত ৫ থেকে ৬ হাজার শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের গ্যাসের বিল বকেয়া ছিলনা। তিতাস গ্যাসের অভিযানকারী টিমকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাইলে তারা জানান উপরের আদেশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
 
শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর পুলিশ সুপার সানা শামীনূর রহমান জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
 
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ তিতাস গ্যাস কর্মকর্তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ব্যাপারে পুলিশ সুপার মঈনুল হক বলেন,  গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে প্রাইম টেক্সটাইল মিলের শ্রমিকরা গ্যাসের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখলে খবর পেয়ে পুলিশ রাতে তাদের উদ্ধার করে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ না পাওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি।
 

ইত্তেফাক/এএম।