সুজানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা ধ্বংস

আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৩:৪৬
ভ্রাম্যমাণ আদালত পাবনার সুজানগরের একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাটি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। এ সময় ভাটা কর্তৃপক্ষের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানাও আদায় করা হয়।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আত্রাই নদীর পাড়ে অবস্থিত স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবুর মালিকানাধীন ওই ভাটায় এই অভিযান চালানো হয়।
 

জানা যায়, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না নিয়েই সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ওই ভাটা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন র্যাব পাবনা ক্যাম্পের সদস্য ও পাবনা দমকল বাহিনীর সদস্যদের সহযোগিতায় ভাটায় অভিযান চালায়। এ সময় দমকল বাহিনীর সদস্যরা চলমান ভাটার অবৈধ চিমনিসহ ইট তৈরী ও পোড়ানোর সকল সরঞ্জাম ধ্বংস করে। পরে অবৈধভাবে ভাটা গড়ে তোলার অপরাধে ভাটার ম্যানেজার গোলজার হোসেনের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অন্যদের মধ্যে পরিবেশ অধিদফতর বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক মেজবাবুল আলম ও র্যাব পাবনা ক্যাম্পের ডিএডি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।