চাঁদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৯:৩৯
 
চাঁদপুরের শাহরাস্তিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। এতে প্রায় পৌনে এক ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আগুন জালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার টামটা উ. ইউপির উয়ারুক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই ইউপির সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য হুমায়ুন কবির মজুমদার ও একই ইউপির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। 
 
আহতরা হলেন- রাজাপুরা গ্রামের ডা. খলিলুর রহমানের ছেলে কামরুজ্জামান মনা (৩০), মঞ্জুর এলাহী (৩৫), বাচ্চু (৩৫), কামাল (৩৭), শাহীন (২৮), জাবেদ (২৮), মাসুদ (২৫), রাজাপুরা গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে মুসা ভান্ডারী (৪০), টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. কামরুল হাসান মজুমদার (৩৭), টামটা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন পাটওয়ারী (৩৮) আহত হন।
 
সংঘর্ষের সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
রাত ৮টায় ওমর ফারুক দর্জির সমর্থকরা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রাঢ়া মৌলবি বাজার এলাকায় আগুন জ্বালিয়ে অবরোধ করে। অবরোধের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ওমর ফারুক দর্জি ওইস্থানে গিয়ে অবরোধকারিদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান আইন হাতে তুলে না নেয়ার অনুরোধ জানান। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
 
 
ইত্তেফাক/কেকে