কালিহাতীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২১:৫৩
টাঙ্গাইলের কালিহাতীতে  স্ত্রী হত্যার অভিযোগে স্বামী স্বপন মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেতডোবা এলাকা থেকে তাকে আটক করা হয়।  নিহত লিনা বেগম (৩৬) উপজেলার ইছাপুর গ্রামের মৃত তছর উদ্দীনের মেয়ে।
 
কালিহাতী থানার ওসি (তদন্ত) মুস্তাফিজুর রহমান জানান,  উপজেলার বেধডোবা গ্রামের আবেদ আলীর পুত্র স্বপন মিয়ার (৪৫) সঙ্গে একই উপজেলার মৃত তছর উদ্দীনের মেয়ে লিনা বেগমের ১৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ চলে আসছিল।  এর মধ্যে স্বপন লিনা বেগমকে একবার তালাক দিয়ে আবার বিয়ে করে। বৃহস্পতিবার রাতে লিনা বেগম প্রতিদিনের ন্যায় নিজ ঘরে ঘুমিয়ে ছিল। সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের অন্য সদস্যরা তার খোঁজ করলে তাকে  অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো বলেন, মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে  কালিহাতী উপজেলা হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের  লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি