জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর সীমান্তে বন্য হাতির তাণ্ডবে আতঙ্কে আছে এলাকাবাসী।
৩০-৩৫টি হাতির দলটি মাখনেরচর গ্রামের ঘরবাড়িতে হামলা চালায়। এ সময় ৫ পরিবারের ৭টি ঘর ভাঙচুর এবং ঘরের আসবাবপত্র তছনছ করে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারারাত তাণ্ডবের পর হাতির দলটি শুক্রবার ভোরে সীমান্তের ওপারে চলে যায়।
মাখনেচর গ্রামের কৃষক ফরিজল হক জানান, প্রায় রাতে ভারত থেকে বন্য হাতির দল জনবসতিতে ঢুকে পড়ে। বৃহস্পতিবার রাতে হাতির দলটি মোতালেব হোসেন, কাইঞ্জা শেখ, আরছব আলী, আলী আজগর ও দেলোয়ার হোসেনের ঘর উপড়ে ফেলেছে। ঘরের আসবাবপত্র তছনছ করেছে।
ওই গ্রামের স্কুল ছাত্র রুবেল আহমেদ জানান, প্রতিবছরই এই সময়ে হাতির যন্ত্রণায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠে। গত ৫ বছরে হাতির আক্রমণে কোনো ভাবেই হাতি ঠেকানো যাচ্ছে না।
ডাংধরা ইউপি চেয়ারম্যান মাসুদ রানা জানান, ভারত থেকে নেমে আসা হাতির ভয়ে আমার এলাকার মাখনেচর, কুমারের চর ও পাথরের চরের মানুষের মাঝে এখন চরম আতংক বিরাজ করছে। সীমান্ত ঘেষা ফসলের ক্ষতি করছে।
ইত্তেফাক/ইউবি
