গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্র বগুড়ায় উদ্ধার, আটক ২

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১১:১৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহৃত স্কুলছাত্রকে বগুড়ার সোনাতলা উপজেলার কোচারপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত রতন ইসলাম (১৫) গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামের সৈয়দ জামানের ছেলে ও স্থানীয় পারগয়ড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
 
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। এ সময় আবু হায়াত মো. রাসেল (২০) ও মামুন সরকার (১৮) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আব্দুল আবু হায়াত মো. রাসেল এবং একই উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের মামুন সরকার।
 
গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে নিজ এলাকা থেকে  রতন ইসলামকে ওই দুই যুবক বেড়ানোর কথা বলে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা রতনের পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় রতনের বাবা সৈয়দ জামান গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে দুই অপহরণকারীর অবস্থান নিশ্চিত করা হয়। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে রতনকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।  গ্রেফতার দুই অপহরণকারীকে আদালতে পাঠানো হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ