বিদায় বললেন হিগুয়েইন

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:০৮

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন ফরোয়ার্ড গনজালো হিগুয়েইন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিদায়বেলায় জানালেন, তার এই ঘোষণা অনেক মানুষকে আনন্দ দেবে।

দশ বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বাছাইপর্বে কোচ দিয়েগো ম্যারাডোনার অধীনে পেরুর বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন হিগুয়েইন। এরপর থেকে দলের হয়ে খেলেছেন ৭৫ ম্যাচ, গোল করেছেন ৩১টি।

দলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ গোল এসেছে তার পা থেকে। ছিল বিশ্বকাপের মতো মঞ্চে হ্যাটট্রিকও। তবুও তার ক্যারিয়ারের চুম্বকাংশ হয়ে আছে ২০১৪ বিশ্বকাপ আর ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার তিন ফাইনালে করা মিসগুলোই। এ নিয়ে কিছুটা খেদ আছে হিগুয়েইনের। তিনি বলেন, ‘মানুষ আমার নষ্ট করা সুযোগগুলোই মনে রেখেছে, আমার করা গোলগুলো নয়!’

২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে প্রতিপক্ষ বিপদসীমায় রক্ষণভাগের জটলার মধ্য থেকেই দারুণ এক গোল করেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। পরে তার একমাত্র গোলেই ২৪ বছর পর কোয়ার্টার ফাইনাল বাঁধা টপকায় আলবিসেলেস্তেরা। ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে উঠে এলো সে প্রসঙ্গটিও। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে বেলজিয়ামের বিপক্ষে গোলটির পর সবাই উদযাপন করেছিলো।’

চেলসি ফরোয়ার্ডের বিশ্বাস কিছুটা একপেশে সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। হিগুয়েইনের ভাষায়, ‘যখন আপনি কাউকে বিদ্বেষপূর্ণভাবে সমালোচনা করেন, তা সবাইকেই ব্যথা দেয়। আমি দেখেছি আমার পরিবার কেমন ভুগেছে। কিন্তু জাতীয় দলে কখনোই আমার চেষ্টার কোনো ত্রুটি ছিলো না।’

হিগুয়েইনের মতে, কোনো উদ্দেশ্য হাসিল না হওয়া আর ব্যর্থতার মাঝে পার্থক্যটা বেশ। তিনি বলেন, ‘জাতীয় দলে আমরা আমাদের উদ্দেশ্যে সফল হইনি তা বলা এক ব্যাপার, কিন্তু মানুষ যখন ব্যর্থতার কথা বলে এটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়।’

গেল বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা জাতীয় দলে পরিবর্তনের হাওয়া লেগেছে। নতুন কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে আর জায়গা হয়নি হিগুয়েইনের। তবে তিনি জানালেন পরিবারকে সময় দিতেই নিয়েছেন এই সিদ্ধান্ত। তার ভাষায়, ‘জাতীয় দলে আমার অভিযান এই পর্যন্তই। এখন আমি বাইরে থেকে অনেক মানুষের উল্লাস দেখছি। আমি এই সিদ্ধান্ত নিয়েছি কেননা আমার পরিবারকে উপভোগ করতে চাই, আমার মেয়ের সাথে সময় কাটাতে চাই এবং আমি মনে করি জাতীয় দলকে আমার সামর্থ্যের সবটুকু দিয়েছি আমি।’

হিগুয়েইন জানালেন মনোযোগের কেন্দ্রে কেবল চেলসিই থাকবে এখন। তিনি বলেন, ‘চেলসির প্রতি আমার প্রতিশ্রুতি পূরণে মনোযোগী হবো এখন। প্রিমিয়ার লিগ অসাধারণ এবং আমি এটা উপভোগ করতে চাই। এটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও।’