সুজানগরে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১২:৫২
পাবনার সুজানগর উপজেলায় হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। এক শ্রেণির অসাধু মৎস্য ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় এ মাছ বিক্রি করছে।
 
জানা গেছে, বড় বড় দাঁত বিশিষ্ট পিরানহা মাছ মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় সরকারিভাবে এর বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও এক শ্রেণির অসাধু মৎস্য ব্যবসায়ী ওই মাছ উপজেলার অধিকাংশ হাট-বাজারে অবাধে বিক্রি করছে। বিশেষ করে প্রত্যেক বছরের জানুয়ারি মাস থেকে উপজেলার হাট-বাজারে এ মাছ বিক্রি করতে দেখা যায়।
 
এলাকার সচেতন মহল জানায়, প্রত্যেক বছর জানুয়ারি মাস থেকে উপজেলার হাট-বাজারে মাছের আকাল দেখা দেয়। আর এ সুযোগে মৎস্য ব্যবসায়ীরা স্থানীয় মাছের খামার থেকে এনে ওই মাছ বিক্রি করে।
 
উপজেলা মৎস্য অফিসার মুস্তারিনা আফরোজ বলেন, ‘পিরানহা মাছ বিক্রির ব্যাপারে মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবীদের সতর্ক করেছি। এর পরও তারা বিক্রি করলে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ