নবীনগরে ভাতিজার হাতে চাচা খুন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৪:২৯
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, আগামী ২৩ জানুয়ারি জল্লিকান্দি গ্রামে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঐ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ও সভাপতির নাম চূড়ান্ত করা নিয়ে দুলু মিয়ার ছেলে ইয়ার হোসেনের সঙ্গে তার ভাতিজা নজরুল ইসলামের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নজরুল ইসলাম ইয়ার হোসেনকে মারতে গেলে চাচা দুলু মিয়া তার পুত্র ইয়ার হোসেনকে  রক্ষা করার জন্য এগিয়ে যান। এসময় নজরুল তার হাতে থাকা লাঠি দিয়ে দুলু মিয়ার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুলু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম ঘটনারর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই নজরুল ইসলাম পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/এএসএস