‘আজকের ছাত্ররাই আগামী দিনে নেতৃত্ব দেবে’

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৪:৩৫
 
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তোমরা আজ যারা ছাত্র, তারাই আগামী দিনে এ দেশের নেতৃত্ব দেবে। কাজেই, নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে হবে। তোমাদের মাঝেই লুকিয়ে রয়েছে, বঙ্গবন্ধু, সৈয়দ নজরুলের মতো বহু প্রতিভা।
 
শনিবার দুপুর ১২ টায় ময়মনসিংহে টাইন হলে তারেক স্মৃতি অডিটরিয়ামে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের নবীন-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
সৈয়দ আশরাফুল ইসলাম কলেজটি সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, যেহেতু কলেজটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম নামে প্রতিষ্ঠিত, সেহেতু তোমরা তার নামের যথাযথ সম্মান রেখে নিজেদেরকে সুশিক্ষিত করে তুলবে এবং নিজের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখবে।
 
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ্য এ কে এম আবদুর রফিকের সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মহিতুর রহমান শান্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
 
 
ইত্তেফাক/এএসএস