রামগতিতে সড়ক বিভাগের জমি দখল করে দোকানঘর নির্মাণ!

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:০৮

রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে ১৮টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের চেউয়াখালী সেতুর পাশে ওই ঘরগুলো নির্মাণ করা হয়। স্থানীয় চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিনের সহায়তায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগ অবৈধ ঘরগুলো সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট দখলদারদের নোটিস দেওয়ার দেড় মাস সময় পার হয়ে গেলেও ঘরগুলো সরানো হয়নি

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চেউয়াখালী সেতুর উত্তর-পূর্ব পাশ ঘেঁষে প্রায় দুইশ ফুট জায়গা দখল করে ১৬টি দোকানের জন্য টিনের একচালা ঘর নির্মাণ করা হয়েছে। তার পূর্ব পাশ ঘেঁষে আরো দুইটি ঘর নির্মাণ করা হচ্ছে।

ঘর নির্মাণে সহায়তা করার অভিযোগ অস্বীকার করে মো. নুরুল আমিন বলেন, ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে তিনিও সেখানে তিনটি ঘর নির্মাণ করেছেন। এ কাজটি করা তার ঠিক হয়নি। তার ঘরগুলো তিনি সরিয়ে নেবেন বলে জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিনও ঘর নির্মাণে সহায়তা করার কথা অস্বীকার করে বলেন, ওই জায়গায় তার কোনো ঘর নেই। ওই অবৈধ ঘর নির্মাণের সঙ্গে তিনি কোনোভাবেই সংশ্লিষ্ট নন।

লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সড়কের জমি অবৈধভাবে দখল করে ১৮টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। এতে নবনির্মিত সেতু ও সেতুর সংযোগ সড়ক ঝুঁকিতে পড়েছে। ওই ঘরগুলো সরিয়ে নেওয়ার জন্য অবৈধ দখলদারদের নোটিস দেওয়া হয়েছে। ঘরগুলো সরানো না হলে ম্যাজিস্ট্রেটের সহায়তায় তা ভেঙে ফেলা হবে।