সুনামগঞ্জের ছাতকে ১০দিন ধরে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ রয়েছে। গত ১২ জানুয়ারি স্বামীর বাড়ি থেকে সুমিতা বেগম রুবেনা নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সুমিতা বেগম দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধনালী গ্রামের প্রবাসী সুমন মিয়ার স্ত্রী। এ ঘটনায় গত বুধবার রাতে সানাজুল মিয়া নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
জানা যায়, প্রায় এক বছর পূর্বে দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধনালী গ্রামের গোলাম সবুরের পূত্র ওমান প্রবাসী সুমন মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাদশা মিয়ার কন্যা সুমিতা বেগমের বিয়ে হয়। বিয়ের প্রায় দু’ মাস পর সুমন মিয়া তার নিজ কর্মস্থল ওমানে ফিরে যান। বর্তমানে তিনি ওমানেই অবস্থান করছেন।
সুমনের বাড়ির লোকজন জানান, ১২ জানুয়ারি সকালে তার দু’মাস বয়সের শিশু কন্যা আমিনা বেগমকে বিছানায় রেখে সুমিতা বেগম নিখোঁজ হন। এ ঘটনায় সুমিতার চাচা আব্দুল মতলিব ঘটনার পরদিন ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ প্রেক্ষিতে থানা পুলিশ তদন্ত করতে গিয়ে সুমনের ভাগিনা সানাজুল মিয়াকে বুধবার রাতে আটক করে। তবে সানাজুল সুমিতা বেগমের কোন সন্ধান দিতে পারেনি।
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, সুমিতা নিখোঁজ হওয়ার বিষয়টি রহস্যজনক।
ইত্তেফাক/এএন/ইউবি
