আইন-বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় আদালত আইন মেনে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২৬ জনকে ফাঁসির রায় দিয়েছেন। বিএনপি প্রথমে এ রায়কে স্বাগত জানায়। পরে আবার বক্তব্য পাল্টে বলা শুরু করলো আদালত যাদের শাস্তি দিয়েছে রাষ্ট্রপতি নাকি তাদেরকে ক্ষমা করে দেবেন।
শনিবার দুপুরে আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ডে তিতাস নদী পুনঃখনন প্রকল্প উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মামলাটি এখন হাইকোর্টে যাবে, তারপর সুুপ্রিম কোর্ট শেষ হলে যাবে রাষ্ট্রপতির কাছে। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনই বলছেন রাষ্ট্রপতি নাকি ক্ষমা করে দেবেন। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। বিএনপির আমলে ফাঁসির আসামি সুইডেন চলে যেত। আওয়ামী লীগের আমলে অপরাধ করে কেউ পার পায় না, এটা তার প্রমাণ।
আইনমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। বর্তমানে মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৪৬৫ মার্কিন ডলার। যা বিএনপির আমলে ছিল ৫৪৬ মার্কিন ডলার। এখন আর আমাদেরকে কেউ ভিক্ষুকের জাতি বলতে পারে না।
ইত্তেফাক/এএম।
