দিনাজপুরের চিরিরবন্দরে দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় গত শুক্রবার (২০জানুয়ারি) সন্ধ্যায় থানায় অভিযোগ দিয়েছেন ওই শিশুর মা।
জানা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের ধনি পাইকারপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে ভূষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মিঠু মিয়া (১৭) গত মঙ্গলবার বিকেলে ওই শিশু শিক্ষার্থীর বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে প্রতিবেশিরা ওই বাড়িতে গেলে মিঠু মিয়া পালিয়ে যায়।
শিশুটির মা বলেন, ওই ঘটনার পর থেকে তার শিশুকন্যা কারণে অকারণে আতঙ্কিত হয়ে পড়ছে। ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। ঘটনার পর থেকে শিশুটির বাক প্রতিবন্ধী পিতাকে থানায় মামলা দায়ের না করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতিসহ হুমকি দিচ্ছে। ফলে তিনি নিজেই বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএন
