রংপুর চিড়িয়াখানায় নতুন প্রাণী

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:০৯

রংপুরের মানুষের একমাত্র বিনোদন কেন্দ্র রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানা। দীর্ঘদিন নতুন কোনো প্রাণী এখানে না আনায় বিনোদন পিপাসু মানুষ অসন্তোষ প্রকাশ করেছিল। এখন এসেছে নতুন প্রাণী। নতুন করে আসা শুরু করেছে বৃহত্তর রংপুরের নিভৃত পল্লীর মানুষ। চিড়িয়াখানায় ঢাকা চিড়িয়াখানা থেকে আনা হয়েছে রংপুরবাসীর বিনোদনের জন্য কয়েকটি নতুন প্রাণি। প্রাণিগুলো রংপুর চিড়িয়াখানার শেডে শোভা বাড়িয়েছে। তিন জোড়া ইমু, এক জোড়া করে উট পাখি ও গাধা এবং একটি স্ত্রী ঘোড়া আছে। তবে রংপুর চিড়িয়াখানার চাহিদার মধ্যে ছিল- পুরুষ বাঘ, ইমু পাখি, উট পাখি, স্ত্রী গাধা, উল্লুখও কালেম পাখি। পাঠানো হয়নি পুরুষ বাঘ,  উল্লুখ ও কালেম পাখি।

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর জসিম উদ্দিন জানান, রংপুর চিড়িয়াখানায় প্রাণী ও জোড়া সংকট রয়েছে। জোড়া সংকটের   প্রাণীর মধ্যে বাঘ ও জলহস্তী রয়েছে। খাঁচা শূন্য রয়েছে জিরাফ, জেব্রা ও চিতাবাঘ। এ চিড়িয়াখানায় ৩১টি প্রজাতির ২১৩টি প্রাণী রয়েছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিবের বিশেষ তদারকিতে রংপুুর চিড়িয়াখানায় নতুন প্রাণীগুলো এসেছে। বিভাগীয় উপ-পরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে এসব প্রাণী দেখতে আসছে সাধারণ মানুষ। এতে করে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা ও জানার আগ্রহ বাড়ছে।