সাতক্ষীরার পরানদহায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২০:০০

খেলতে খেলতে হারিয়ে যাওয়ার তিন ঘন্টা পর পুকুরে জাল ফেলে উদ্ধার করা হলো তিন বছরের শিশু ফাহিমের নিথর দেহ।

শনিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে। এ ঘটনার পর থেকে শিশুটির স্বজনদের আহাজারিতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ফাহিমের বাবা জাকির হোসেন সাতক্ষীরা পুলিশ অফিসে চাকরি করেন। তার মা গৃহিনী। তারা বাড়িতেই যে যার কাজে ব্যস্ত ছিলেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, ফাহিম তার বন্ধুদের সঙ্গে বিকেলে বাড়ির মধ্যে খেলছিল। এরপর কখন সে যে হারিয়ে গেছে তা কেউ জানে না। পরে তার খোঁজে নামে সবাই। মসজিদের মাইকেও নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া হয়। অবশেষে বিকাল ৫ টার পর বাড়ির পাশের পুকুরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইত্তেফাক/এএন