'উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি' এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা গত ২১ জানুয়ারি শনিবার সকালে শুরু হয়েছে।
উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে উক্ত মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান। এ সময়ে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, মাদ্রাসার সুপার মুহাম্মদ নুরুল হক, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, অধ্যাপক আখতার হাছান মতিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, মার্কস লাইন লিমিটেডের আইসিটি ও সিস্টেম ইঞ্জিনিয়ার মো. জিয়াদুল আমিন চৌধুরী, প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, মুহাম্মদ নাজিমুদ্দীন, বিজ্ঞান ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নোমান শফি, মুক্তিযোদ্ধা রফিক দিদার, উপজেলা বিজ্ঞান ক্লাবের দেবাশীষ আচার্য, জয়নাল আবেদীন, দিদারুল আলম।
মেলায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজ মিলে ১৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার প্রথম দিনে উক্ত প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত স্টলে তাদের প্রকল্প উপস্থাপন করে। প্রকল্পের মধ্যে রয়েছে- মশার কয়েল প্রস্তুতকরণ, আলু ও লেবু থেকে বিদ্যুৎ উৎপাদন, দেশীয় ফল সংরক্ষণ পদ্ধতি, একটি বাড়ি তৈরি ও বাড়িতে বিদ্যুৎ সংযোগ, পরিবেশ বন্ধন ইটভাটা, গ্রিন হাউজ প্রতিক্রিয়া, ওয়েল্ডিং এর বিভিন্ন যন্ত্রের কৌশল, গ্রিন হাউজ মডেল প্রস্তুতকরণ, পরিবেশ বন্ধু সাপ, কাপড় কাঁচা সাবান প্রস্তুতকরণ, বাল্ব দিয়ে প্রজেক্ট তৈরি, সাবান প্রস্তুতকরণ, বৈদ্যুতিক মটর, প্রাকৃতিক রেফ্রিজারেটর, কৃত্রিম ইয়ার কন্ডিশন, কার্বন-ডাই- অক্সাইড প্রস্তুতকরণ, ডাইনামিক ওয়েবসাইট তৈরি এবং পরিবেশ বান্ধব, নিরাপদ ও আধুনিক বিল্ডিং ডিজাইন ইত্যাদি।
ইত্তেফাক/এসএস
