রাজশাহীতে সক্রিয় প্রতারক চক্র!

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১০

রাজশাহীতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় চক্র। কৌশলে ডেকে নিয়ে গিয়ে নারীর সঙ্গে ছবি তোলা বা মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অংকের অর্থ। যাদের বেশির ভাগ স্থানীয় বখাটে বা মাদকাসক্ত যুবক।

পুলিশ জানায়, গত ২৬ মার্চ সন্ধ্যায় মহানগরীর বিনোদপুর এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতা পরিচয়ে কয়েকজন মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বিনোদপুর বাজারের ব্যতিক্রম লাইব্রেরির সামনের একটি দোতলা ভবনে আটকে মাদক কারবারীর অপবাদ দিয়ে মারধর করে। এরপর তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা পরিবারের সদস্যদের ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দিতে বলে। তবে খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। এর আগে নগরীর বিসিক এলাকা থেকে কয়েল তৈরি কারখানার এক কর্মচারীকে কৌশলে নগরীর শালবাগান পাওয়ার হাউজ মোড় এলাকায় ডেকে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। পরে এক নারীর সঙ্গে ছবি তুলে প্রথমে ২০ হাজার টাকা এবং পরে হত্যার ভয় দেখিয়ে ১ লাখ টাকা দাবি করে। শেখ জসিম উদ্দিন নামে ওই যুবকের পরিবারের কাছ থেকে প্রথমে ২০ হাজার ও পরে ৩৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করে প্রতারক চক্র।

পুলিশ আরো জানায়, শেখ জসিম উদ্দিনের বড় ভাই জাহিদুর রহমান বিষয়টি পুলিশকে জানালে শাহ্ মখদুম থানা পুলিশ তাকে উদ্ধার করে।

উপরের ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার ইফতে খায়ের আলম বলেন, চাঁদাবাজ চক্র কৌশল পরিবর্তন করে বহিরাগত লোকজনকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে। পুলিশ তাদের ধরতে সক্রিয় রয়েছে। কেউ বিকাশের মাধ্যমে টাকা চাইলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।