টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দ্বিতীয় ধলেশ্বরী সেতু এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়। এ অঞ্চলের মানুষের বহু প্রত্যাশিত সেতু প্রকল্পটি বাস্তবায়ন ও উদ্বোধনের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, উপজেলার নাগরপুর মির্জাপুর সড়কের কেদারপুর ঘাট নামক স্থানে ৫২০.৬০ মিটার পিসি গার্ডার সেতু (ধলেশ্বরী সেতু) প্রকল্পটি মেসার্স মীর আক্তার হোসেন লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠান সর্ব নিম্ন দরদাতা হিসেবে কার্যাদেশ পান। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর (এলজিইডি) তত্বাবধানে ২০১৪ সালের ১৬ অক্টোবর কার্যাদেশ পেয়ে সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। ৫৫ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৮০৭.৪৪ টাকা ব্যয়ে নির্মিত সেতুর মূল কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রকল্পটির প্রজেক্ট ম্যানেজার আবু সাদ্দাত সায়েম ইত্তেফাককে জানান, সেতুর মূল কাজ শেষ হয়েছে। সংযোগ সড়কের কাজ শেষে কার্পেটিংয়ের কাজ চলছে।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এটিএম রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ব্রিজের মূল কাজ (স্ট্রাকচার) শেষ। অ্যাপ্রোচ সড়কের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি হস্তান্তর প্রক্রিয়া শুরু করা হবে।
নাগরপুর মির্জাপুর ভায়া কেদারপুর সড়কে দ্বিতীয় ধলেশ্বরী সেতু বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ টাঙ্গাইলবাসীর যোগাযোগের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হচ্ছে উল্লেখ করে স্থানীয় সাংসদ খন্দকার আব্দুল বাতেন বলেন, 'সেতুটি হস্তান্তরের পর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে।' মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে এ সেতুর নামকরণ করা হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/এসএস
