সুন্দরগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:০৮
 
সুন্দরগঞ্জ উপজেলায় ইতি মনি (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী  লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
থানা সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর ফলগাছা (মালতলা) গ্রামের দিল হোসেনের মেয়ে উত্তর ফলগাছা রেজি. প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ইতি মনি একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আকাশের (১৩) মোবাইল ফোন নিয়ে দৌড় দেয়। এ সময় আকাশ তাকে আটকিয়ে চর-থাপ্পড় মারে। বিষয়টি ইতি মনি তার বাবা দিল হোসেনকে জানিয়ে দেবে বললে আকাশ ক্ষিপ্ত হয়ে ইতি মনির মুখে কাপড় ও গলায় পলিথিনের রশি পেঁচিয়ে ধরে। এতে ইতি মনির মৃত্যু হয়। পরে অবস্থা বেগতিক দেখে আকাশ তার বড় ভাই ও মায়ের সহযোগিতায় লাশ পার্শ্ববর্তী নুর কাশেমের পুকুরে ফেলে দেয়।
 
এদিকে, ওই রাতেই ইতি মনির বাবা-মা মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত ৮টার দিকে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুলিশ আকাশ, তার বড় ভাই আজাহার আলী ও মা আম্বিয়া বেওয়াকে গ্রেফতার করে।
 
এ ব্যাপারে ইতি মনির বাবা দিল হোসেন বাদী হয়ে রবিবার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/এসএস/ইউবি