নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে -----কিশোরগঞ্জে আলোচনা সভায় বক্তারা

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১১

মুক্তিযুদ্ধ প্রতিটি জাতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা অর্জন যতটা সহজ, মানুষের প্রত্যাশা পূরণ ততটাই কঠিন। একাত্তরে আমাদের স্বাধীনতার সংগ্রাম শেষ হয়েছে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সুশাসন, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা- এই লক্ষ্য আজও পুরোপুরিভাবে বাস্তবায়িত হয়নি। অর্থনৈতিক মুক্তির সংগ্রাম এখনো চলছে। নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে।

শুক্রবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত ‘স্বাধীনতার ৪৮ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ফ্লাইট সার্জেন্ট(অব.) আব্দুল জলিল। বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি মণ্ডলীর সদস্য জয়ন্তী রায়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যািলয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন প্রমুখ।

অনুষ্ঠানে ১২জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন আহমেদ দিপু।