গোপালগঞ্জে ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৭:৩২

ভর্তি ফি কমানোর দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৫  শ’  শিক্ষার্থী  ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করছে।

আজ রবিবার দুপুর ১২ টা থেকে তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শণ করে।  দুপুর ২ টা পর্যন্ত তারা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী পালন করে।

শিক্ষার্থীরা জানিয়েছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ভর্তি ফি ৭ হাজার ১ শ’ টাকা ধার্য করা হয়েছে। দেশের অন্য বিশ্ববিদ্যালয় থেকে এ ফি প্রায় দ্বিগুণ। এ শিক্ষাবর্ষে ১ হাজার ৪ শ’ শিক্ষার্থী রয়েছে। তারা আরো জানায়, কয়েক দফা তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। কিন্তু তারা ফি কমায় নি। একারনে তারা অবস্থান কর্মসূচী পালন করেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ড. মোহম্মদ নূর-উদ্দিন আহম্মেদ বলেন, অবস্থান কর্মসূচী হয়নি। কিছু শিক্ষার্থী ২ টার দিকে জড়ো হয়েছিলো মাত্র। গত বছর ভর্তির শর্ত অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি নেওয়া হচ্ছে। দুই সেমিষ্টারের ফি আমরা একসঙ্গে নিতে চেয়েছিলাম। সেখানে পরিমাণটা একটু বেশী মনে হয়েছে। পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে, ফি ৭ হাজার ১ শ’ টাকা একসঙ্গে না দিয়ে দুই কিস্তিতে পরিশোধ করার জন্য বলা হয়েছে। এখানো কোন অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে না। কোনো একটি মহল হয়তো তাদের উস্কে দিয়ে এ অনৈতিক কাজ করাচ্ছে।

ইত্তেফাক/এএন