আরসিসির ৫০০ কোটি টাকা ব্যয়ে দুই আবাসন প্রকল্প গ্রহণ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৮:২৪
নগরীর ক্রমবর্ধমান আবাসন সমস্যা নিরসনে পাঁচ শ কোটি টাকা ব্যয়ে দুইটি আবাসন প্রকল্প গ্রহণের পরিকল্পনা নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি)।
 
১৯৮৭ সালে কর্পোরেশনটি প্রতিষ্ঠার দীর্ঘ ৩০ বছর পর প্রথমবারের মতো আরসিসি আবাসন প্রকল্পের এই পরিকল্পনা গ্রহণ করেছে।
 
দুইটি প্রকল্পের মধ্যে এলাকার তেরখাদিয়া, হরগ্রাম ও সিলিন্দা এলাকার কিছু অংশ নিয়ে দু্ই শ একর জমিতে একটি এবং চাকপাড়া এলাকার ১৬৭ একর জমিতে অপরটি গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
 
প্রকল্প দুইটিতে খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও লেকসহ আধুনিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিতের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে মোট সাড়ে তিন হাজার প্লট থাকবে এবং এগুলোর দাম নাগরিকদের নাগালের মধ্যেই থাকবে।
 
আরসিসি-র প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রকল্প দুইটির বিভিন্ন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলেন, ‘আরসিসি গৃহীত দুইটি প্রকল্পে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে বাস্তবায়নে আমরা আশাবাদী।’
 
এ সময় তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে ভূমি জরিপসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ভূমি অধিগ্রহণ ও উন্নয়নসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।’
 
আরসিসি-র ভারপ্রাপ্ত মেয়র নিজাম-উল আজিম বলেন, ‘নগরীর আবাসন ব্যবস্থা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে, যে কারণে আবাসন ব্যবস্থা সম্প্রসারণের সময় এসেছে। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্বেও আমরা আধুনিক ও পরিকল্পিত আবাসন প্রকল্প প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।’
 
প্রকল্প দুইটি সফলভাবে সম্পন্ন হলে নগরীর আবাসন সমস্যা নিরসনসহ জীবনমান উন্নয়নের আশাবাদ ব্যক্ত করে ভারপ্রাপ্ত মেয়র নিজাম-উল আজিম বলেন, ‘প্রকল্প দুইটির দৃশ্যমান অগ্রগতির জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’ বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ