গাংনীতে পিকআপের ধাক্কায় নিহত ১

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৯:২৪

মেহেরপুরের গাংনীতে পুলিশের পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আতিয়ার রহমান গাংনী উপজেলার কসবা (ভাটপাড়া) গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে ও কসবা গ্রামের হিরা ইটভাটার মালিক।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের চোখতোলা নামক স্থানে পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক আতিয়ার রহমান নিহত হন।

নিহত আতিয়ার রহমানের চাচাতো ভাই বায়েজিদ হোসেন জানান, আগামী শুক্রবার তার মেয়ের বিয়ে উপলক্ষে বিভিন্ন এলাকার আত্মীয় স্বজনকে দাওয়াত শেষে বামন্দী থেকে বাড়ি ফিরছিলেন। চোখতোলা নামক স্থানে সামনে থেকে আসা একটি ট্রাককে সাইড দিয়ে পাকা রাস্তায় ওঠার সময় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। আতিয়ার রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ইটভাটা মালিক আতিয়ার রহমান নিহতের খবর পেয়ে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক হাসপাতালে ছুটে আসেন।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ইত্তেফাক/এএন/ইউবি