রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাঝাইল ইউপিতে আওয়ামী লীগ সমর্থক বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িঘরে ভাংচূর, অগ্নিসংযোগ এবং গোলাগুলি হয়েছে।
রবিবার সকালে কসবামাঝাইল ইউপির শান্তি খোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শান্তিখোলা গ্রামের আমদ আলী বিশ্বাসের ছেলে ইয়াছিন বিশ্বাস (২৬) গুলিবিদ্ধ ও একই ইউপির দিঘলহাট গ্রামের কাশেম মণ্ডলের ছেলে আল আমিনসহ (২০) অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানান, নির্বাচনের পর থেকে বর্তমান চেয়ারম্যান মো. কামরুজ্জামান খান ও নিবার্চনে হেরে যাওয়া প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রাথী জর্জ আলী বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ছাড়া দিঘলহাট গ্রামের পল্লব কুমার দত্তের বাড়িতে অগ্নিসংযোগ ও আশেপাশের ১০টি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে।
পাংশা থানার অফিসার ইনচার্জ এসএম শাহজালাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিবেশ শান্ত করে।
ইত্তেফাক/এএন/ইউবি
