নড়াইলে অস্ত্রের মুখে গ্রামীণ ব্যাংকে ডাকাতি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২১:৩৭

নড়াইলে গ্রামীণ ব্যাংকে ডাকাতি সংঘঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে একদল সশস্ত্র ডাকাত গ্রামীণ ব্যাংকের মাইজপাড়া শাখায় প্রবেশ করে অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিম্মি করে দুটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়। প্রকাশ্যে দিনের বেলায় ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।

গ্রামীণ ব্যাংক ও পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার বিকাল ৪টার দিক নড়াইল সদরের মাইজপাড়া বাজারস্থ গ্রামীণ ব্যাংক চলাকালীন হঠাৎ করে পাঁচজনের একদল সশস্ত্র ডাকাত ব্যাংকের ভিতর প্রবেশ করে। তারা একজন শাখা ব্যাবস্থাপক রিয়াজ উদ্দিনের মাথায় পিস্তল ধরে। অন্য ডাকাতরা ব্যাংকের অন্য কর্মকর্তাদের দিকে পিস্তল তাক করে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রামীণ ব্যাংক মাইজপাড়া শাখা ব্যবস্থাপক রিয়াজ আহম্মেদ বলেছেন, মাঠ পর্যায় থেকে কর্মকর্তারা যে, টাকা নিয়ে আসে তা ঘটনার আগে অন্য ব্যাংকে রেখে আসা হয়েছিল। এ কারণে ডাকাতরা ব্যাংকের টাকা নিতে পারেনি।

নড়াইল থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে এসেছি। ডাকাতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

ইত্তেফাক/এএন/ইউবি