‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে’

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২০:২১
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। দেশে চিকিৎসা খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে।
 
রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
 
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসানের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. আবুল কায়সার মাহমুদ সাইদুর রহমান, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আশিষ কুমার সাহা ও বিএমএ বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু প্রমুখ বক্তব্য রাখেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধ দেয়া হচ্ছে। অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসতে হবে।
 
তিনি বলেন, ‘সারাদেশের হাসপাতালের  ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে। দেশের স্বাস্থ্য খাতের অর্জনকে আরো ঊর্ধ্বে নিতে হবে। প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহের পদক্ষেপ নেয়া হবে। চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতা বাড়াতে চিকিৎসা শিক্ষার মানোন্নয়নেও মেডিকেল কলেজকে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
 
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সকাল ১১টায় বগুড়া ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি নতুন সংযোজিত পেডিয়েট্রিক আই কেয়ার ইউনিট উদ্বোধনের পাশাপাশি সংস্থার সেমিনার কক্ষে বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
 
এদিকে বিকালে বগুড়া শহরের মাটিডালীতে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন।
 
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, ১৪ দলের কেন্দ্রীয় নেতা ডা. শাহাদৎ হোসেন ও রেজাউর রশিদ খান প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি