দাম কম থাকায় হতাশ কৃষক

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১২

মাগুরায় পেঁয়াজ কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক। ফলে এক মুহূর্ত বসার সময় নেই কৃষকের হাতে। তবে বৃষ্টিতে পেঁয়াজের ক্ষতি হয়েছে এবং দাম কম থাকায় হতাশা প্রকাশ করেছে কৃষক। বর্তমানে হাটে বাজারে ব্যাপকভাবে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে।

 জানা গেছে, মাগুরা জেলায় পেঁয়াজের চাষ হলেও শ্রীপুর উপজেলায় সব থেকে বেশি চাষ হয়। বর্তমানে জমি থেকে পেঁয়াজ কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।

শ্রীপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর শ্রীপুর উপজেলায় ৪ হাজার ২৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার ৫৩০ মে. টন। চৈত্র মাসের প্রথম সপ্তাহ থেকে পেঁয়াজ কাটা শুরু হয়েছে। চলবে এ মাসের শেষ অবধি। বর্তমানে প্রতিমণ পেঁয়াজ ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কৃষকরা জানান, সাম্প্রতিক বৃষ্টিতে পেঁয়াজের ক্ষতি হয়েছে এবং ফলন কম হয়েছে। গত বছর থেকে দামও কম ।

শ্রীপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, এবছর শ্রীপুরে ৪২৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। বৃষ্টিতে পেঁয়াজের কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হয়েছে।