‘শ্যামলী পরিবহন’ ব্যতীত অন্য কোনো পরিবহনে ‘শ্যামলী’ নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ‘শ্যামলী পরিবহন’ এর নাম মালিক ছাড়া অন্য যাঁরা ব্যবহার করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার আবেদনটি দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।
শ্যামলী পরিবহনের মালিক ছাড়া বেআইনিভাবে অন্য পরিবহনে শ্যামলী নাম ও ব্যানার ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বছর ৯ নভেম্বর বিআরটিএ এবং ৫ ডিসেম্বর পুলিশের আইজি ও হাইওয়ে পুলিশের ডিআইজি বরাবর আবেদন করেন শ্যামলী পরিবহনের সত্ত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ। কিন্তু কোনো প্রতিকার না পাওয়ায় হাইকোর্টে রিট করেন তিনি। আবেদনকারীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমীন সরকার শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।
ইত্তেফাক/এমআই
