আগৈলঝাড়ায় বাল্যবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১৩

আগৈলঝাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর পর হাসপাতাল থেকে লাশ নিয়ে পালিয়ে যাওয়ার পর ওই লাশ উদ্ধার করেছে পুলিশ।  পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাগধা গ্রামের দাউদ হাসানের সঙ্গে গত আট মাস আগে বাল্যবিয়ে হয় নার্গিস বেগমের। নার্গিস বেগম পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামের  নান্নু পাইকের মেয়ে। নার্গিসের স্বামী দাউদ ঢাকায় চাকরি করে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর নার্গিসের লাশ নিয়ে উপজেলা হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিত্সক অনেক আগেই নার্গিস মারা যাওয়ার কথা জানালে লোকজন হাসপাতাল থেকে লাশ নিয়ে পালিয়ে যায়। এসআই নাসির উদ্দিন জানান, গৃহবধূ নার্গিসের লাশ বাগধা গ্রাম থেকে রাত সাড়ে আটটায় উদ্ধার করে তিনি থানায় নিয়ে আসেন। ওসি মো. আফজাল হোসেন জানান, নার্গিসের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।