ভর্তি ফি কমানোর দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মানব বন্ধন করেছে।
আজ সোমবার দুপুর ১টা ৩০ মি. থেকে তারা গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে হাতে হাত ধরে মানববন্ধন করেন। দুপুর ২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি চলে।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবিলম্বে অতিরিক্ত ফি কমানোর দাবি জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানিয়েছেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ভর্তি ফি ৭ হাজার ১শ’ টাকা ধার্য করা হয়। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এই ফি প্রায় দ্বিগুণ। এ শিক্ষাবর্ষে ১ হাজার ৪ শ’ শিক্ষার্থী রয়েছেন।
তারা আরো জানান, কয়েক দফা তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। কিন্তু অতিরিক্ত ফি কমানো হয়নি। শিক্ষার্থীরা আভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কারণে ফি কমানোর আন্দোলন থেকে ভয়ে অনেক শিক্ষার্থী অংশ নিতে সাহস পাচ্ছে না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহম্মদ নূর-উদ্দিন আহম্মেদ শিক্ষার্থীদের বহিষ্কারে হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির শর্ত অনুযায়ী নির্ধারিত ফি নেওয়া হচ্ছে। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ সত্য নয়। এখন অযৌক্তিক কারণেই তারা এসব কর্মসূচি পালন করছে।
ইত্তেফাক/এমআই
